বাসস
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ২২:০৯ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বাসস
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বেশ কয়েকজন আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে যে সার্কের চেতনা এখনও ‘জাগ্রত ও কার্যকর’ রয়েছে।
ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
এর আগে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।
জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ।
প্রেস সচিব জানান, বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করেন মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ।
সাক্ষাৎকালে ড. ইউনূস প্রতিটি দেশের প্রতিনিধিদের কাছে একই বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, সার্ককে যেকোনো উপায়ে পুনরুজ্জীবিত করতে হবে। আঞ্চলিক নেতারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছেন, যা স্পষ্ট করে যে আমাদের মধ্যে সার্কের চেতনা এখনও বিদ্যমান। সার্কের চেতনা জাগ্রত ও বহাল রয়েছে। আমাদের অবশ্যই সার্কের চেতনা সংরক্ষণ করতে হবে।
শফিকুল আলম বলেন, সফররত বিদেশি বিশিষ্টজনেরা জানাজার ব্যাপকতা ও মর্যাদায় অভিভূত হয়েছেন।
তিনি আরও বলেন, অতিথিরা প্রধান উপদেষ্টাকে বলেছেন তারা কখনো এত বড় জানাজা দেখেননি এবং শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠান পরিচালনার প্রশংসা করেছেন।
প্রেস সচিব বলেন, বিদেশি বিশিষ্টজনেরা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়েছেন।