প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:০০ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের আশপাশে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা।
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্ক এলাকার ১০০ মিটারের মধ্যে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।
২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ ৩০ ডিসেম্বর রাত থেকে অধ্যাদেশটি জারি করেছে।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না।
এখানে আরও বলা হয়েছে, যে ব্যক্তি এই বিধান লঙ্ঘন করবে তাকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার বা বারবার এ অপরাধ করলে দ্বিগুণ হারে শাস্তি পেতে হবে।
সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান এ সীমানার পরিধি বাড়াতে পারবে বলেও অধ্যাদেশে জানানো হয়েছে।