প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৫ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫ ১০:৩৮ এএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ তাঁর গুলশানস্থ বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হয়েছে। লাল-সবুজ পতাকায় মোড়ানো একটি গাড়িতে বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে তাকে ফিরোজায় নেয়া হয়।
এর আগে সকাল ৮টা ৪০মিনিটের দিকে তার মরদেহ হাসপাতাল থেকে বের করা হয়। মরদেহবাহী গাড়ির চারপাশে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
ফিরোজা ভবনে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। পরে তাঁকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
এদিকে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকছে।