প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৪২ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪ পিএম
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কৌশলী হতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে সোমবার সকালে ‘বিজিবি দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে।’ সেইসঙ্গে বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে যাতে পালাতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশও দেন তিনি।
বিজিবি ‘ত্রিমাত্রিক’ বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সীমান্তের অতন্দ্র প্রহরীর ন্যায় অত্যন্ত ন্যায়ানুগ পন্থায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। অবৈধ পথে বিজিবির চোখ ফাঁকি দিয়ে দেশীয় কোনো পণ্য বিদেশে পাচার হবে না। বিজিবির যেসব সদস্য চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহায়তা করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলেন উপদেষ্টা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিতে বিজিবি সদস্যদের নির্দেশ দেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ‘এই নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেজন্য আপনাদের যতো ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনাদের প্রশিক্ষণ নিতে হবে। এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব! এটা আপনারা ভালোভাবে পালন করবেন- এ আমি বিশ্বাস করি। আপনারা জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন- এ আমার আশা।’
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গত এক বছরে বিজিবির নানা অর্জন ও বাহিনীটির সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন।
তিনি বলেন, ‘সকল ক্ষেত্রে আমরা হয়তো শতভাগ সার্থক হতে পারিনি, তবে আমাদের প্রচেষ্টায় কোনধরণের কমতি ছিল না। ভবিষ্যতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
নির্বাচনি দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালনে বিজিবি বদ্ধপরিকর বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন মহাপরিচালক আশরাফুজ্জামান।
সূত্র : ইউএনবি