× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদি হত্যা

শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২২:০০ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ২২:০১ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ। ছবি : সংগৃহীত

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তার সংগঠনের সদস্যরা। 

শুক্রবার দুপুর ২টা থেকে শুরু হওয়া এই অবরোধ রাত সাড়ে ৯টা এই রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত ছিল। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। 

এর আগে, এদিন বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এক আহ্বানে সাধারণ মানুষকে শাহবাগে সংহতি জানানোর অনুরোধ করা হয়। এরপর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে যোগ দিতে থাকেন। অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার পেছনে যারা জড়িত, এর যারা পরিকল্পনাকারী, হত্যাকারী— তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজকে শাহবাগ অবরোধ করেছি। আগামীকালও করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে।

অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে নিহত হাদির ভাই শরীফ ওমর বিন হাদি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকারের অবস্থা দেখে বোঝা যায়, বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা কিন্তু আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে।’

পূর্বঘোষণা অনুযায়ী, হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। টানা অবরোধ চলতে থাকায় আশপাশের রাস্তায় যানজট দেখা যায়।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা