প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৬৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৩৫২ জন। আর একই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় এ বছরে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা অপরিবর্তিত ৪১২ জনই রয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৩৪ জন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ জন রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং বরিশাল বিভাগে ৫ জন। তবে এই সময়ে খুলনা, রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগে ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি।
এদিকে একই সময়ে ৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবত ১ লাখ ১ হাজার ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
প্রসঙ্গত, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রেখে আসছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।