প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬ পিএম
আগুনে পুড়ানো হচ্ছে আর্বজনা। ছবি : সংগৃহীত
দেশে বায়ুদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে বর্জ্য পোড়ানোর ছবি তুলে পাঠালে প্রতি মাসে সেরা ১০ জন চিত্রগ্রাহককে বিশেষ পুরস্কার দেওয়া হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুদূষণ বর্তমানে বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্জ্য পোড়ানোর ফলে নির্গত ধোঁয়া শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থা নিয়ন্ত্রণে সরকার বায়ুদূষণের উৎস চিহ্নিত ও দমনে জোরালো পদক্ষেপ নিয়েছে।
কোথাও বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে তার ছবি তুলে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। ছবির সঙ্গে অবশ্যই প্রেরকের নাম, মোবাইল নম্বর, ঘটনাস্থলের সঠিক ঠিকানা এবং সময় উল্লেখ করতে হবে।
প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের পুরস্কার দেওয়া হবে। সরকারের এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে মন্ত্রণালয়।