হাদি হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ২১:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপুকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর এই তিনজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। রিমান্ড শেষে শনিবার তাদের আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ। সেই আবেদনের শুনানি শেষে তাদের চারদিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। এদিকে গত ১৪ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে হাদি হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মারা যান ওসমান হাদি।
পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে রাখা হয় হিমঘরে।
এরপর শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ঘিরে লাখো মানুষের উপস্থিতিতে শরিফ ওসমান হাদির জানাজা হয়। জানাজা শেষে বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে।