প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। এর মাধ্যমে এক বছরেরও বেশি সময় ধরে শূন্য থাকা ঢাকায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদটি পূরণ হলো।
রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পাওয়ার পর শুক্রবার নিজের ভেরিফায়েড লিংকডইন পেজে প্রতিক্রিয়া জানান ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। এ মনোনয়নের জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে সিনেটের ফরেন রিলেশনস কমিটিতে মনোনয়ন শুনানির সময় ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের অগ্রযাত্রাকে সমর্থন করে। আগামী বছরের শুরুতে বাংলাদেশের জনগণ একটি নতুন সরকার ও নতুন পথ বেছে নিতে ভোটে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ নির্বাচন গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।
ক্রিস্টেনসেন জানান, তার ফরেন সার্ভিস ক্যারিয়ারে বাংলাদেশ–সংক্রান্ত মার্কিন নীতির বিষয়ে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। ঢাকায় দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতাও তার রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তার অফিসিয়াল প্রোফাইল অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।