প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১০:৪৩ এএম
জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নেয় হাজারো ছাত্র-জনতা। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজারো ছাত্র-জনতা অবস্থান নেয়।
ডাকসু ভিপি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, হাদির মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাদির রক্ত দিয়ে দিল্লির কবর রচনা করা হবে।
জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। প্রথমে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। তার মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে পুরো দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।