প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৩ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১৮ পিএম
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ধানমন্ডির ছায়ানটে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে কাজ করছে সরকার। এই হামলা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ফারুকী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শহীদ ওসমান হাদির শহিদ মৃত্যুতে জাতি যখন শোকাহত, ঠিক সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনা ঘটেছে।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার এই সংকটময় সময়ে সকল ধরনের হিংস্রতা ও উগ্রতার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তিনি সকল হিংস্র গোষ্ঠীর বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
সিঙ্গাপুরের হাসপাতালে ওসমান হাদির মৃত্যুর খবর এলে বৃহস্পতিবার রাতে প্রথমে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরে একদল লোক কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে এংপরে ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করে।
পরে রাত দেড়টা থেকে আড়াইটার মাঝামাঝি সময়ে একদল বিক্ষোভকারী ধানমন্ডিতে ছায়নটের সাততলা ভবনের নিচতলা থেকে শুরু করে বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।