× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূর্য সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৬ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:১৩ পিএম

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে যাদের প্রাণের বিনিময়ে বাংলার বুকে অর্জিত হয়েছে নতুন এক ভূখণ্ড, এই শ্রদ্ধা তাদের প্রতি। জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ফুল নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন।

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ৬টার দিকে স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কিছুক্ষণ পর প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। পরে বীরশ্রেষ্ঠদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকেরা শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঠিক তখনই স্মৃতিসৌধ–সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশের বিভিন্ন স্থানে অপেক্ষায় থাকা মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন। তাদের হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি।

শ্রদ্ধা জানাতে আসা কলেজ শিক্ষক রেদোয়ান আহমেদ বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছি। জাতির সেই সূর্য সন্তানদের স্মরণ করছি জাতীয় স্মৃতিসৌধে এসে। দিনটি আমাদের গৌরবের। দেশের জন্য আত্মদানকারী সব বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

সাভারের ব্যাংক কলোনি থেকে বন্ধুদের সঙ্গে স্মৃতিসৌধে এসেছেন সাবিহা তাবাচ্ছুম। তিনি বলেন, ‘দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। যাঁদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি।’

আলোকচিত্রী শহিদুল আলম বলেন, ‘যে অপশক্তি আমাদের দেশটাকে ধ্বংস করার চেষ্টা করে, সেটার বিরুদ্ধে আমরা সবাই মিলে দাঁড়াব, এটা প্রত্যাশা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা