প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ২০:০৩ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওসমান হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে।
এর আগে, সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তিনি এতদিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।