প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৫০ পিএম
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ফাইল ছবি
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে মন্ত্রণালয়ে তলব করে এসব বিষয়ে ভারত সরকারের প্রতি গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে বসে শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানিয়ে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার এসব বক্তব্য ও নির্দেশনা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আদালতের দণ্ডের মুখোমুখি করতে দ্রুত দেশে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।
এছাড়া, রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনরা যাতে পালিয়ে ভারতে আশ্রয় নিতে না পারে, সে বিষয়েও দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে।
তলবের পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে। এ লক্ষ্যে তার দেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেন।