প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৫ পিএম
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আপনারা সকলে হাদির জন্য দোয়া করবেন। ওসমান হাদি ক্রিটিক্রাল অবস্থা আছে। আপনারা দোয়া করলেই তিনি ফিরে আসবেন। আল্লাহ যেনো তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।