× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদিকে গুলি

পরিকল্পনায় এক শীর্ষ সন্ত্রাসীর নাম

কবির হোসেন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:০২ এএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:৩১ এএম

পরিকল্পনায় এক শীর্ষ সন্ত্রাসীর নাম। প্রতীকী ছবি

পরিকল্পনায় এক শীর্ষ সন্ত্রাসীর নাম। প্রতীকী ছবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া অস্ত্রধারীদের ধরতে ঘটনার পরপরই সাঁড়াশি অভিযান নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সস্ত্রাসীদের শনাক্ত করতে মাঠে রয়েছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটসহ র‍্যাব ও গোয়েন্দারা। এ ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেপথ্য কারণ জানতে ইতোমধ্যে একজকে গোয়েন্দা জালে রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, হাদিকে গুলি ছোড়ার ঘটনায় সরাসরি তিনজন অংশগ্রহণ করেছিল। সহায়ক হিসেবে আরেকটা গ্রুপও স্পটে ছিল। যদিও মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তির মধ্যে একজনকে গুলি ছুড়তে দেখা গেছে। অন্যরা তাদের কাছাকাছি ছিল বলে সূত্র জানিয়েছে।

সূত্রে জানা যায়, এ ঘটনা ঘটিয়েছে ঢাকার একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপ। আর ঘটনা বাস্তবায়ন করেছে তিন পেশাদার সন্ত্রাসী। তারা হলো- শোভন, সিয়াম, নাদিম। এদের মাঝে মোটরসাইকেল থাকা দুজনের একজন হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। শুধু এই তিনজন নয়, এ ঘটনার পেছনে রয়েছে আরও কয়েকজন। মিশন বাস্তবায়নে মাঠে সহায়ক ভূমিকা পালন করেছে একাধিক ব্যক্তি। কারা এই সন্ত্রাসীদের ভাড়া করল, কী কারণে হাদিকে টার্গেট করা হয়েছে- তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা।

সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০১ সালের ২৬ ডিসেম্বর যে ২৩ জন ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকা করেছিল, সেই তালিকায় ওই শীর্ষ সন্ত্রাসীর নাম ছিল। ওই সময় তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। রাজধানীর মতিঝিল, মালিবাগ, বাড্ডা এলাকার আতঙ্কের নাম ছিল ওই শীর্ষ সন্ত্রাসী।

হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনাস্থালের পাশ থেকে ২টি গুলির খোসা উদ্ধার করে সিআইডি। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। তদন্ত কর্মকর্তারা জানান, উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

এদিকে যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, একটি মোটরসাইকেলে আসা দুজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। তার দাবি, ‘এই দুজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মতিঝিলের দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি তার বাম চোয়ালে লাগে। হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে কালো মোটরবাইকে আসা অজ্ঞাত এক ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা