প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৯:১৫ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৯:১৬ এএম
গুলিবিদ্ধ অবস্থায় শুক্রবার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। প্রবা ফটো
শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় শাহবাগে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন মঞ্চের নেতারা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এসে এ ঘোষণা দেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
এ ঘটনার দায় সরকারের ওপর চাপিয়ে জাবির বলেন, ‘যে সরকার হাদিকে রক্ষা করতে পারে না, সে বাংলাদেশকে কীভাবে রক্ষা করবে। আল্লাহ না করুক, ওসমান হাদির কিছু হলে অন্তর্বর্তী সরকারকে দায়ভার নিতে হবে।’
হামলায় কাউকে সন্দেহ করছেন কি না জানতে চাইলে জাবির বলেন, ‘আমরা কাউকে সন্দেহের চোখে দেখছি না; আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছি না। ভোটের রাজনীতিতে অনেকে ওসমান হাদিকে প্রতিপক্ষ মনে করতে পারে। এমন কারণেও হতে পারে। আবার এমনও হেতে পারে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, তারা ভাবতে পারে, ওসমান হাদিকে মেরে ফেললে তারা আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে। আমরা জানিয়ে রাখি, ওসমান হাদি এখন ঘরে ঘরে তৈরি হয়েছে।’
এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রয়োজনে যেন তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জাবির ও জুমা অনুরোধ করেন, তাদের দুজনের বাইরে কারো বক্তব্য যেন ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে প্রচার করা না হয়।