প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৭ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৪:৫১ পিএম
ভয়ংকর মাদক ‘এমডিএমবি’র একটি চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি : সংগৃহীত
দেশে প্রথমবারের মতো সিনথেটিক মাদক ‘এমডিএমবি’র একটি চালান জব্দ করার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পাশাপাশি এর সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমডিএমবি উদ্ধারের খবর দেন সংস্থার মহাপরিচালক হাসান মারুফ।
এমডিএমবি নামের এ ধরনের তরল মাদক মূলত ভেপ বা ই সিগারেটের কার্টিজে মিশিয়ে সেবন করা হয়।
হাসান মারুফ বলেন, মালয়েশিয়া থেকে এ মাদক সংগ্রহ করে দেশে এনেছে একটি চক্র। ওই চক্রের হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, ‘খ’ শ্রেণিভুক্ত মাদক এমডিএমবি। যা সিনথেটিক ড্রাগ হিসেবে বিবেচিত। অভিনব কায়দায় ক্রেতার কাছে পৌঁছে দেয়া হতো ই-সিগারেটের লিকুইড বোতলের মাধ্যমে। এমডিএমবি দ্রুত নেশা ধরায়, আক্রামণাত্মক আচরণ থেকে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে হওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করে। মালয়েশিয়া থেকে দেশের বাজারে প্রবেশ করছে ভয়াবহ এই মাদক। এটি মাদক শয়তানের নিঃশ্বাসের মতোই ভয়ংকর বলে জানান তিনি।
ব্রিফিংয়ে জানানো হয়, মূলত হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের সিক্রেট গ্রুপের মাধ্যমে বাজারে এলিট শ্রেণির কাছে ছড়িয়ে দেয়া হচ্ছে এই মাদক। এসব তথ্যের ভিত্তিতে অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। চার মাদককারবারীসহ জব্দ করা হয় এমডিএমবির বিশাল এক চালান।