প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:৫১ পিএম
ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বুধবার রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় থেকে বের হন।
এর আগে ২০ শতাংশ সচিবালয় ভাতা দেওয়ার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে নিজ দপ্তরে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তার আগে দুপুর আড়াইটার পর থেকে কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন। এসময় তারা সচিবালয়ের ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সরকারি কর্মচারিরা জানিয়েছেন, সচিবালয় ভাতার গেজেট জারি করা ছাড়া তারা যাবেন না। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে হ্যান্ডমাইকে ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
কর্মচারিরা বলেন, উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ তাদেরও থাকতে হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের বাইরে নানা ধরনের ভাতা পেলেও তারা বঞ্চিত। সে কারণে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে এই আন্দোলন। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মচারী এতে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর ঘোষণা দিয়ে তা-ও কার্যকর করেনি সরকার। নতুন বেতন কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। অর্থ উপদেষ্টা এরই মধ্যে কয়েকবার বলেছেন, বেতন কমিশন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। এর আগে গত ২২ জুন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতেও অর্থ বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন কর্মচারীরা। আন্দোলনকারীদের একজন জানান, দীর্ঘদিন থেকেই তাদের ক্ষোভ রয়েছে। রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন, রেশনের বিবেচনা করবেন; কিন্তু তিনি কথা রাখেননি।
এ দিকে পরিস্থিতি মোকাবিলায় সন্ধ্যায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বৈঠক করেছেন। আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে– এমন বার্তা আন্দোলনকারীদের কাছে পাঠানো হয়। কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি। বুধবারই প্রজ্ঞাপন জারির দাবি জানান এবং তাদের অবস্থান ধরে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত করতে রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তীব্র উত্তেজনার মধ্যে রাত ৮টা ১২ মিনিটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে সচিবালয় থেকে বের করে আনা হয়।