প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ০০:৩৩ এএম
মঙ্গলবার বিএফডিসির সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
বিএফডিসিতে কোনো সিন্ডিকেট থাকবে না। সিনেমার স্ক্রিপ্টিং থেকে শুরু করে উৎপাদন ও পরিবেশন ব্যবস্থা একটি ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝরনা স্পট উদ্বোধন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বদরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। এর মাধ্যমে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জীবনমান উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিএফডিসির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বিএফডিসিতে সংশ্লিষ্ট সকলের কাজ করার সুযোগ থাকবে। বিদেশে থেকেও যদি কেউ কাজ করতে চান, তাহলে তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
দর্শকরা এখনও ভালো কনটেন্ট দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, তাদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কনটেন্ট তৈরি করতে হবে। দেশীয় ও আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ওপর ভিত্তি করে ভালো মানের কনটেন্ট নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি ও পরিচালক মামুনূর রশীদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চিত্রনায়ক বাপ্পারাজ ও প্রযোজক শিরিন সুলতানা।
তথ্যসূত্র: বাসস