প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ২৩:১৩ পিএম
মঙ্গলবার ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এই সম্মতিপত্র সই হয়। ছবি: বিমান বাহিনীর ফেসবুক পেজ
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এই উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনী ইতালির বহুজাতিক প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র সই করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এই সম্মতিপত্র সই হয়।
লিওনার্দো এসপিএ ইতালি, বিএই সিস্টেমস এবং এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কোম্পানির কনসোর্টিয়াম ইউরোফাইটার জিএমবিএইচের অধীনে তৈরি ও বাজারজাত হয় ইউরোফাইটার। লিওনার্দো কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউরোফাইটার কনসোর্টিয়ামের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের সম্পৃক্ততা আছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে, বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এলওআই সই অনুষ্ঠানের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসানসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক এমআরসিএর অংশ হিসেবে এই এলওআইয়ের লেটার অব ইনটেন্টের আওতায় লিওনার্দো ইউরোফাইটার টাইফুন জঙ্গি বিমান সরবরাহ করবে।