প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১১:৪৮ এএম
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
আসছে নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে ভোটারদের সঠিক লোককে নির্বাচিত করতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেছেন, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুরুতে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯ টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুদক চেয়ারম্যান বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আবদুল মোমেন বলেন, দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতি বিরোধীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব।
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশ একযোগে দিবসটি উদযাপন করে থাকে।
এবারের দিবসের প্রতিপাদ্য- ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। বরাবরের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।