প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম
শনিবার বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাকে বিদেশে নেয়া হবে। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের সুচিকিৎসা এবং নিরাপত্তাকে প্রাধান্য দেয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা শারীরিক ওপর গুরুত্ব দিচ্ছেন। চিকিৎসকসহ সবাই তার সুস্থতা চায়।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জাহিদ হোসেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তাঁর শারীরিক অবস্থার ওপর। সেটাই সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি। তবে ওই সময় মেডিকেল বোর্ডের সদস্যরাও জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছিলেন, সে সময় যাওয়া ঠিক হবে না।
তিনি জানান, তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসকদের মতামতকে অগ্রাধিকার দিচ্ছেন। তবে শারিরীক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে বিলম্ব হচ্ছে । চিকিৎসা সমন্বয়ে জুবাইদা রহমান অংশ নিচ্ছন। ওনার পরিবারের সদস্য, দলের নেতাকর্মীসহ সবাইকে যথাযথভাবে বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হচ্ছে।
এর আগে শনিবার বিকাল সোয়া ৩টার পরে খালেদা জিয়াকে দেখতে গতদিনের মতো আজকেও এভারকেয়ার হাসপাতালে যান লন্ডন থেকে আসা তার পুত্রবধূ জুবাইদা রহমান। বিষয়টি জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভাবি বিকাল ৩টা ৩৮ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আসেন। তিনি সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে আছেন।’
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওইদিন রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।