প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ২০:০৭ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ২১:১০ পিএম
গণঅভ্যুত্থানের সময় সারা দেশে হত্যা, দমন-পীড়নের মামলার মধ্যে এ পর্যন্ত ১০৬টির অভিযোগপত্র বা চার্জশিট দেওয়া হয়েছে। এসব মামলার মধ্যে ৩১টি হত্যার অভিযোগ ও ৭৫টি অন্যান্য ধারার। মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর বলছে, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ৭৫টি মামলা পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের।
পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাসমূহ তদারক করছেন। রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।
এ ছাড়া, ফৌজদারী কার্যবিধির ১৭৩(ক) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জনকে এপর্যন্ত অব্যাহতি প্রদানের জন্য আদালতে অন্তবর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।