প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ২১:০০ পিএম
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা এবং আস্থা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে কানাডা।
রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশে কানাডার হাইকমিশন এক বিবৃতিতে এ অবস্থান জানায়।
বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে এবং আস্থা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
বাজার সম্পৃক্ততা কার্যক্রমের অংশ হিসেবে ২৩ থেকে ২৫ নভেম্বর ঢাকায় সিরিয়ালস কানাডা, কানাডিয়ান গ্রেইন কমিশন এবং আলবার্টা গ্রেইনস-এর কর্মকর্তাদের সমন্বয়ে কানাডিয়ান প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে এই বিবৃতি দেওয়া হয়।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি সিরিয়ালস কানাডার নেতৃত্বে বার্ষিক নিউ ক্রপ সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশী মিল মালিক, বেকারি উৎপাদনকারী এবং গম আমদানিকারকদের ২০২৫ সালের কানাডিয়ান গম ফসলের মান, বৈশিষ্ট্য ও গ্রেডিং মান সম্পর্কে অবহিত করা হয়। কারিগরি অধিবেশনগুলোর লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং বাংলাদেশের দ্রুত বিকাশমান খাদ্য প্রক্রিয়াকরণ ও মিল খাতে ক্রয় সিদ্ধান্তকে সহায়তা করা।
কানাডা জানায়, উচ্চমানের গমের জন্য বাংলাদেশ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য। কানাডিয়ান গম নির্ভরযোগ্যতা ও উচ্চমানের কারণে বাংলাদেশী মিলারদের কাছে বিশেষভাবে মূল্যবান।
হাইকমিশন আরও উল্লেখ করে, বিশ্ব-নেতৃস্থানীয় বৈজ্ঞানিক গবেষণা, স্বচ্ছ নিয়ন্ত্রক তদারকি এবং উৎপাদন থেকে চালান পর্যন্ত কঠোর মান নিশ্চিতকরণ ব্যবস্থার ফলে কানাডিয়ান গমের মান সর্বদা উচ্চমানসম্পন্ন থাকে।
কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে কানাডা-বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্ব গম বাণিজ্যের মাধ্যমে আরও প্রসারিত হচ্ছে। বাংলাদেশের খাদ্য শিল্পের অব্যাহত সম্প্রসারণের প্রেক্ষাপটে কানাডা উচ্চমানের গম সরবরাহ, উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য নির্ভরযোগ্য অংশীদার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
তত্থসুত্র: বাসস