প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২০:০৯ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ২০:১৯ পিএম
খাদ্য অধিদপ্তর
গত বছর গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর দেশের প্রায় সকল প্রতিষ্ঠানই ভেঙ্গে পড়েছিলো কিন্তু এদিক থেকে খাদ্য অধিদপ্তর ব্যতিক্রম ছিলো বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রবিবার (২৩ নভেম্বর) খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে আমন ২০২৪-২৫ ও বোরো-২০২৫ এর সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন ও দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। কেননা চ্যালেঞ্জ কাউকে না কাউকে নিতে হয়।
তিনি বলেন, আমন মৌসুমের সংগ্রহ লক্ষ্যমাত্রা ইতোমধ্যে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। এটা মিনিমাম কিন্তু সংগ্রহ করতে হবে ম্যাক্সিমাম। আমন মৌসুমের ধান চালের সংগ্রহ মূল্য যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। আমরা যখন চলে যাব তখন নিয়ম অনুযায়ী যে পরিমাণ খাদ্য মজুদ থাকার কথা, তার চেয়ে বেশি থাকবে ইনশাআল্লাহ। আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। এ নির্বাচনে খাদ্য অধিদপ্তরের জেলা-উপজেলা পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে, বিষয়টি বিবেচনায় রেখে মধ্য ফেব্রুয়ারির আগেই লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহের জন্য সচেষ্ট হতে হবে।
অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক মো: আবুল হাছানাত হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাদ্য সচিব মো.মাসুদুল হাসান।
উল্লেখ্য, গত আমন ও বোরো মৌসুম লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহের পরিমাণ, চুক্তির পরিমাণ, ব্যক্তিগত উদ্যোগ ও ব্যবস্থাপনা, দক্ষতা, সততা, সমন্বয় ইত্যাদি বিবেচনায় খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৩১ জনকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন তিনি।