ভূমিকম্প নিয়ে আজহারীর সতর্কবার্তা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১২:০৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় আতঙ্কে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ বাসাবাড়ি ও অফিস থেকে রাস্তায় নেমে আসেন। ঢাকা ও নরসিংদী ছাড়াও নারায়ণগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
এদিকে, ভূমিকম্পের পর পরই বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
তিনি লিখেছেন, ‘ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।’
পোস্টের শেষে তিনি পবিত্র কুরআনের সূরা মুলকের ১৬ নম্বর আয়াতটি উল্লেখ করেন— ‘তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে?’