প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২১:০৯ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫ ২১:১২ পিএম
চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার (৮ নভেম্বর) বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ-অঞ্চলের পক্ষ থেকে পাকিস্তানের নাবিকদের স্বাগত জানানো হয়।
এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানানোর সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ তাদের অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে পাকিস্তানি জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। চট্টগ্রাম নৌ-অঞ্চলে অবস্থানকালে জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান, নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন। জাহাজটি আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।