প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১২:০৪ পিএম
বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপের পরিণত হয়ে এখন মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে দিকে রয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিয়ানমার ও বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর ও নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
বুধবার (৫ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দর ও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলো। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
অন্যদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে মঙ্গলবার বিকাল ৪টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
অতি ভারী বৃষ্টির কারণে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি ও চট্টগ্রাম পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কা রয়েছে।