প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ২৩:৩৩ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান পরিচালনা করে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বিশেষ টহলদল ঘুমধুম সীমান্তবর্তী পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ ইয়াবা জব্দ করে। বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। এটি সাম্প্রতিক সময়ে কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বৃহৎ ইয়াবা উদ্ধার অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গত ৬ মাসে ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি ২৪ লাখ টাকা। অন্যান্য চোরাচালানী মালামালসহ মোট ৫০ কোটি ৭৯ লাখ টাকার পণ্য জব্দ এবং মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত ৯৫ জনকে আটক করেছে। এছাড়া কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্তে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ পারাপার ও মাইন বিস্ফোরণ প্রতিরোধে নিয়মিত জনসচেতনতামূলক সভা ও প্রচার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি স্থানীয় স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী, দুস্থ নারীদের সেলাই মেশিন এবং বৌদ্ধ বিহারে অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।