প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২০:৫১ পিএম
ফাইল ছবি।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফেনী জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। সোমবার (২০ অক্টোবর) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৬.২ ও টাঙ্গাইলে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, সোমবার রাতে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। পরবর্তীতে মঙ্গলবার সকালে সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তাছাড়া নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফেনী জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে।
এদিকে, সোমবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছিলেন, লঘুচাপটি নিম্নচাপ পর্যন্ত রুপ নিতে পারে। এর ফলে আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) খুলনা, বরিশাল ও চট্টগ্রামে সামান্য বৃষ্টি হতে পারে। ২৫ অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়বে। তখন আরও ৫টি বিভাগে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে। এ সময় তবেমাত্রা কমবে। ২৬ অক্টোবর হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। ২৭ ও ২৮ অক্টোবর রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
আজ সন্ধ্যায় আবহাওয়ার আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল (বুধবার) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবারও (২৩ অক্টোবর) চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টিপাতের আভাস রয়েছে। শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।