প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ২২:২৭ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
এদিকে একই দিন সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের হালিশহরস্থ আর্টিলারি সেন্টার এন্ড স্কুলে (এসিএন্ডএস) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ২৪ পদাতিক ডিবিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পৃথক এই নান্দনিক ও চৌকষ প্যারেড দুইটির মাধ্যমে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথিরা বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানদ্বয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকরা, আমন্ত্রিত অতিথিরা, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্যরা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।