প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৭:১৯ পিএম
স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম বলেছেন, ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক প্রতিরোধযোগ্য রোগ আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অথচ আজও আমাদের দেশের শিশুরা টাইফয়েডে মারা যায়, কেউ কেউ স্থায়ী অঙ্গহানির শিকার হয়। এটা আমাদের জন্য লজ্জার, কারণ টাইফয়েড কোনো জটিল বা অজানা রোগ নয়- এটি পুরোপুরি প্রতিরোধযোগ্য।
তিনি বলেন, আমরা অনেক পথ পার হয়ে এসেছি। নানাভাবে ডায়রিয়া নিয়ন্ত্রণ করলাম আমরা। অথচ, ৭০ ভাগ শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায় বা অঙ্গহানি হয়। দেরিতে হলেও আমরা টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু করেছি। আশা করি, আমরা আমাদের সন্তানদের রক্ষা করতে পারবো। ইপিআই এর সাফল্য আছে টিকাদানে, এতেও সাফল্য আসবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর জাতীয় অ্যাডভোকেসি সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা মো. আবু জাফর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম, এনজিও ব্যুরোর মহাপরিচালক দাউদ মিয়া এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ইউনিসেফের দীপিকা শর্মা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজেশ নরওয়ানসহ বিদেশি প্রতিনিধি, দেশের বিভিন্ন পর্যায়ের টিকাদান সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। পুরো প্রক্রিয়াতে সহযোগিতা করছেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গাভি)।
প্রচার প্রচারণার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমার ঘরে নাতি-নাতনি আছে, কাজের লোকেরও বাচ্চা আছে- কেউ বলেনি যে টাইফয়েডের টিকা নিচ্ছে। তার মানে আমরা সব ঘরে পৌঁছাতে পারিনি। আমাদের নৈতিক দায়িত্ব একটি শিশুও যাতে বাদ না যায়। জন্ম সনদ থাকুক না থাকুক, সবাইকে সুযোগ দিতে হবে। প্রচার প্রচারণা আরও বাড়াতে হবে।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য থাকবে শতভাগ শিশুর টিকাদান নিশ্চিত করা। মানুষের মধ্যে যাতে ভুল ধারণা সৃষ্টি না হয়, সেজন্য আমাদের মানুষকে বুঝাতে হবে। এ ক্ষেত্রে সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের পাশাপাশি মিডিয়ারও ভূমিকা আছে। তিনি বলেন, টাইফয়েডের এই টিকার জন্য রেজিস্ট্রেশন যেন জটিল না হয়। প্রত্যেকের ঘরের কাজের মানুষও যাতে বাদ না যায়।
স্বাস্থ্যের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্য খাতে আমাদের সবচেয়ে সফল কর্মসূচি টিকাদান কর্মসূচি। টাইফয়েডও হয়তো নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঢুকবে। আমরা টিকাদানে সক্ষম জনশক্তি বাড়াতে চাই। এজন্য মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্নদের সংযুক্ত করা যেতে পারে।
প্রসঙ্গত, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে এই টিকাদান শুরু হবে। এটি প্রথমে স্কুল-মাদরাসায়, পরে কমিউনিটিতে এবং বস্তি এলাকায় চলবে। ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়ার টার্গেট রয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম যেকোনো শিশু এই টিকা দিতে পারবে। এরইমধ্যে প্রায় দুই কোটি নিবন্ধন করেছেন। টিকাদানের সময় আসলে নিবন্ধনহীন শিশুও পাবে টিকা। তবে, নিবন্ধনে উৎসাহিত করছে কর্তৃপক্ষ।