× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব শোভন কর্মদিবস আজ

অধিকারের বালাই নেই চামড়াশিল্প শ্রমিকদের

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১১:৩০ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫ ১১:৩১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টিএম লিয়াকতের সঙ্গে প্রতিবেদকের পরিচয় চলতি বছরের শুরুর দিকে ঢাকার সাভারে ট্যানানির শ্রমিকদের একটি অনুষ্ঠানে। তিনি ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সহসাধারণ সম্পাদক। চামড়া শিল্পের শ্রমিকদের অধিকারের কথাগুলো জোরালোভাবে তিনি তুলে ধরেন। অন্যের দাবিদাওয়া আদায়ে নিয়জিত থাকাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

টিএম লিয়াকত ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডে ১৬ বছর ধরে কাজ করছিলেন। মালিকপক্ষ তার বিরুদ্ধে শ্রমিকদের উস্কে দিয়ে দাবি আদায়ের অভিযোগ তুলে চলতি বছরের ফেব্রুয়ারিতে চাকরিচ্যুত করে। তার ৫ লাখ ৬৭ হাজার পাওনা টাকার মধ্যে নানা দেন-দরবার করে দেওয়া হয় ৩ লাখ ৭ হাজার। 

টিএম লিয়াকত বলেন, ‘২০২০ সালে আমাদের কোম্পানি থেকে ২২ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছিল। পরের বছর ২৭ জনকে চাকরিচ্যুত করা হয়। তারা দীর্ঘদিন ধরে ঘোরাঘুরি করলেও মালিকপক্ষ তাদের ব্যাপারে কোনো ফয়সালা করছিল না। উল্টো পুলিশ দিয়ে হয়রানি করা হয়। এসবের সমাধান চাওয়াতে কোম্পানি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে চাকরিচ্যুত করেছে।’

একই প্রতিষ্ঠানে ২০২১ সালে চাকরিচ্যুত ২৭ জনের একজন হলেন শাহজাহান আকন্দ। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ২০২০ সালের ডিসেম্বরে তাকেসহ ২৭ জনকে চাকরিচ্যুত করা হয় বিনা নোটিসে। পরবর্তীতে তারা তিন দিন আন্দোলন করলে তৎকালীন এমপিদের নিয়ে বিসিকে বৈঠক করা হয়। সেখানে যার যা পাওনা তা তদন্ত করে প্রতিবেদন দেওয়া ও টাকাগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও আজও দেওয়া হয়নি। 

বিনা নোটিসে ও অধিকার আদায়ের দাবি জানানোর কারণে কেন চাকরিচ্যুত করা হয়েছে জানতে চাইলে ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের জেনারেল ম্যানেজার রেজাউল করিম জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন ক্রাইমের অভিযোগ ছিল। কী ধরনের ক্রাইম তা বলা যাবে না। তবে এভাবে চাকরিচ্যুত করা ঠিক না। 

এ ব্যাপারে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মালিকপক্ষ যখন খুশি তখন শ্রমিক ছাঁটাই করে। তারা ২০০৬ সালের একটি আইনের দোহায় দিয়ে এ কাজ করছে। সেখানে ৪ মাসের বেতন দিয়ে বিনা নোটিসে চাকরিচ্যুত করার বিধান করা হয়েছে। এই কালাকানুন বাতিল করতে হবে।

এদিকে চাকরিচ্যুতি ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যায় জর্জড়িত চামড়া শিল্পের শ্রমিকরা। এ সম্পর্কে সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম বলেন, শোভন কর্মপরিবেশ না পাওয়ার কারণে নারীরা কাজে এসে আবার ফিরে যায়। কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির শিকার হতে হয়।

আজ মঙ্গলবার বিশ্ব শোভন কর্মদিবস-২৫ উপলক্ষে গতকাল সোমবার চামড়া শিল্পে শোভন কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। 

মুকিত মজুমদার বাবু বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশে একটি টেকসই চামড়া খাত নির্মাণে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আমরা শিল্পটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি শিল্পে উন্নীত করতে কাজ করছি। এখানকার শ্রমিকদের তাদের অধিকার আদায়ে আরও সোচ্চার না হলে দাবি আদায় হবে না। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা