বাসস
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ২১:০৮ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ২১:২৩ পিএম
সচিবালয়ে কোয়াবের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেছেন, ‘‘মায়ের ডাক’ সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন (১৪ ডিসেম্ব) ডেকে নিয়ে রাষ্ট্রদূতকে তারা আসলে বিতর্কিত করেছেন। রাষ্ট্রদূতকে এভাবে বিতর্কিত করা তাদের সমীচীন হয়নি।’’
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বিষয়টি শুনে ‘মায়ের কান্না’ সংগঠনের পঞ্চাশ জন সদস্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেওয়ার জন্য সমবেত হয়েছিলেন। কিন্তু তার নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা স্মারকলিপি দেওয়ার সুযোগ করে দেননি। সমবেতরা তার সঙ্গে কথাও বলতে পারেননি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্মারকলিপি গ্রহণ করলে এবং তাদের কথা শুনলে সেখানে যাওয়া নিয়ে সমালোচনা হতো না।”
তিনি বলেন, ‘প্রথমত সে দিন ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী দিবসে নানান অনুষ্ঠান থাকে। দেশের সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানায়। অনেক সময় বিদেশি রাষ্ট্রদূতরাও সেখানে গিয়ে শ্রদ্ধা জানায়। সেই দিনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে অনেক ভালো হতো।’
মায়ের ডাক সংগঠনের কো-অর্ডিনেটরের বাসায় যাওয়ার জন্য যারা রাষ্ট্রদূতকে পরামর্শ দিয়েছেন তারা সঠিক পরামর্শ দেননি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘তার (রাষ্ট্রদূত) নিজেরও দিবসটার (বুদ্ধিজীবী দিবস) দিকে লক্ষ্য রাখা দরকার ছিল। তা ছাড়া তিনি যে সেখানে যাবেন সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না, পররাষ্ট্রমন্ত্রী সেটিই বলেছেন।’
মন্ত্রী বলেন, ‘অবশ্যই যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী। আমাদের উন্নয়ন অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের বিরাট ভূমিকা রয়েছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ। এই ঘটনা আমাদের সর্ম্পর্কের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।’
১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে কোয়াবের নবনির্বাচিত সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী এ সময় বক্তব্য রাখেন।
সংগঠনের সহসভাপতি রাশেদুল রহমান মালিক এবং আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান নাসিম, অর্থ সম্পাদক সেলিম সারওয়ার, সদস্য ফরিদউদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।