× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরে লঘুচাপ

আরও ৩ দিন ভারী বর্ষণের আভাস, পাহাড় ধসের শঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৫:২৮ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ১৫:৩৩ পিএম

আরও ৩ দিন ভারী বর্ষণের আভাস, পাহাড় ধসের শঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশেই প্রচুর বৃষ্টি হয়েছে। দেশজুড়ে ভারী বৃষ্টির এই প্রবণতা শিগগির কমছে না, থাকতে পারে আরও তিন-চার দিন। এই ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আরও জানায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গতকাল সন্ধ্যা ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ বুধবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপ রূপে একই এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ হিসেবে রূপ নিতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪ অক্টোবর শনিবার পর্যন্ত দেশের সব বিভাগেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৫ অক্টোবর থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপের কারণে সাগর থেকে সঞ্চালনশীল মেঘমালা উপকূলীয় অঞ্চল হয়ে দেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে রাজধানী ঢাকার মতো দেশের মধ্যাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপের রূপ নিলে বৃষ্টির রেশ থাকবে আরও কয়েক দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা