প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুবরণ করেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন জানান, শামীমের শরীরের শতভাগ দগ্ধ ছিল। এ কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সোমবার টঙ্গী এলাকার একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চারজনকে আমাদের এখানে আনা হয়। তাদের মধ্যে ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে মারা যান। বাকি তিনজন এখনো ভর্তি আছেন, এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের তালহা বিন জসিম বলেন, শামীম আহমেদ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার জানাজা আজ মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিসের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
শামীম আহমেদ ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।