প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:১২ পিএম
প্রতিবছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার তা এগিয়ে আনা হয়েছে। বইমেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর, চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অমর একুশে বইমেলার আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, এবারের মেলায় প্রকাশকদের স্বার্থ, পাঠক উপস্থিতি এবং সামগ্রিক নিরাপত্তা বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রকাশকদের পক্ষ থেকেও সময় পরিবর্তনের এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।