প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২১ পিএম
সোমবার বেলা ১১টায় 'ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫' অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. ইউনূস। ছবি: ফেসবুক পেজ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সক্রিয় ও উদ্যমী থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকতে পারে না। আমি যুবসমাজকে আহ্বান জানাই তোমরা মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না থেকে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হোক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, যখন যুবসমাজ সক্রিয়, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রা থামাতে পারে না।
প্রফেসর ইউনূস তরুণদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নয় উল্লেখ করে বলেন, তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচারে অগ্রণী ভূমিকা পালন করছে। তরুণরাই দেশের ইতিহাস গড়েছে, এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দেবে।
তিনি স্বেচ্ছাসেবাকে আত্মউন্নয়ন, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম হিসেবে আখ্যা দিয়ে বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে থেমে থাকবেন না; সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক ও পরিবর্তনের স্থপতি হয়ে উঠুন। আত্মবিশ্বাস, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করুন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আজকের এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য উদাত্ত আহ্বান—আরও সাহসী হও, নেতৃত্ব দাও, সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আলম।