প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৪:০৪ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫ ১৪:২০ পিএম
প্রতীকী ছবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় জন্ম নিবন্ধন ছাড়া কেউ টাইফয়েডের টিকা পাবে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নগর ভবনে আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এক অ্যাডভোকেসি সভায় এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী ১২ অক্টোবর। এ কর্মসূচি চলবে দুই ধাপে—প্রথম ধাপ ১২ থেকে ৩১ অক্টোবর এবং দ্বিতীয় ধাপ ১ থেকে ১৩ নভেম্বর। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এ কর্মসূচির আওতায় আনা হবে।
দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অনলাইনে নিবন্ধন ছাড়া কোনো শিশুকে টিকা দেওয়া হবে না। এর জন্য প্রয়োজন ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ। যাদের জন্ম নিবন্ধন নেই, তারা নতুনভাবে নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে কর্পোরেশন থেকে সহযোগিতা করা হবে।

সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমরা জন্ম নিবন্ধনকে উৎসাহিত করছি। তবে কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না। ভবিষ্যতে জন্ম নিবন্ধন সবার জন্য অপরিহার্য হয়ে উঠবে।
তিনি জানান, ব্যবহৃত টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচিতে প্রাথমিকভাবে প্রায় ৭০ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এজন্য তিনি শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।