প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৫:৪৭ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫ ১৫:৪৮ পিএম
ফাইল ফটো
নিরাপদ সমুদ্র ভ্রমণ নিশ্চিত করতে পর্যটকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাসস।
এতে বলা হয়েছে, লাল পতাকা চিহ্নিত স্থানে পানিতে নামা যাবে না। এসব স্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড সর্বদা পর্যটকদের সহায়তায় নিয়োজিত থাকবে।
নির্দেশনায় বলা হয়েছে, কেবল নির্ধারিত নিরাপদ সমুদ্রসীমায় এবং লাইফগার্ড সার্ভিস বিদ্যমান এলাকায় পানিতে নামতে হবে। অন্য কোথাও নামলে দুর্ঘটনা ঘটলে সহায়তা পাওয়া যাবে না। জোয়ার-ভাটার সময়, আবহাওয়া ও সাগরের সংকেত সম্পর্কে জেনে পানিতে নামার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় বা ভাটার টান চলাকালীন বেপরোয়াভাবে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।
এছাড়া সাঁতার না জানা পর্যটকদের সমুদ্রে নামা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সব হোটেল, মোটেল ও রিসোর্টকে পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ বাধ্যতামূলক করা হয়েছে। শিশুদের সবসময় অভিভাবকের তত্ত্বাবধানে রাখার পাশাপাশি সৈকতে আসা অপ্রাপ্তবয়স্ক শিশুদের ছবি মোবাইলে সংরক্ষণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, পানির তীব্র স্রোত, ঘূর্ণি, উল্টো স্রোত ও বালির নিচে তৈরি গর্ত বিপজ্জনক হতে পারে। এছাড়া অপ্রশিক্ষিত ব্যক্তি দ্বারা উদ্ধারকাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে, এতে উদ্ধারকারী নিজেও ঝুঁকিতে পড়তে পারেন।
সূত্র: বাসস