প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১০:৪৭ এএম
ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশনের মেয়াদ আগামী মাসের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।
সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে কমিশনের সহ-সভাপতি করা হয়।
প্রতিবেদন দাখিলের জন্য কমিশনকে ছয় মাস সময় দেওয়া হয়েছিল, যা শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট। তার আগেই মেয়াদ আরও এক মাস বাড়ানো হলো।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।