প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৩:২৩ পিএম
ছবি: সংগৃহীত
মব ভায়োলেন্স আগের থেকে কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান উপদেষ্টা।
মব নিয়ে পুলিশ কেন এখনও কঠোর ব্যবস্থা নিতে পারছে নাÑ এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরো কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।
নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা নিয়ে আলোচনা চলছে সে বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নিবে আর কে অংশ নিবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। আমার হলো নির্বাচন যে সময় হবে সে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও আমরা বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।
অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন, কোনো দলকে কম দিচ্ছেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তারে একটু বেশি সুরক্ষা দেয় হয়, আর যে একটু কম তারে একটু কম দেওয়া হয়।
ভালনারেবলটা কিভাবে নির্ধারণ করেন - জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের বিভিন্ন এজেন্সি আছে ও আপনাদের থেকে এই তথ্য পাই।
এই বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে সেই কনফিডেন্সে আছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে আল্লাহ দিলে। খুব ভালো নির্বাচন হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
৫ আগস্ট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কি নাÑ প্রশ্ন করা হলে তিনি বলেন, ৩ আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল, তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে, তবে কাঙ্ক্ষিত উন্নতি এখনো হয়নি।
৫ আগস্ট ঘিরে সতর্কতার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সতর্কতা সব সময়ই থাকে। আমরা সতর্ক অবস্থানেই আছি।