× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের চার্জ বাড়ানোর ঘোষণা, আপত্তি আমদানিকারকদের

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৮:৫৮ এএম

ফের চার্জ বাড়ানোর ঘোষণা, আপত্তি আমদানিকারকদের

তিন বছরের মাথায় আবারও কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়াতে যাচ্ছে বেসরকারি কন্টেইনার ডিপোগুলো। যন্ত্রপাতি আমদানি ও রক্ষণাবেক্ষণ খরচ এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নসহ পরিচালন ব্যয় বেড়েছে দাবি করে ১ সেপ্টেম্বর থেকে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোটস (বিকডা)। 

বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আয়ের সঙ্গে পরিচালন ব্যয় মেলাতে পারছি না। শ্রমিক ব্যয় প্রায় ৭০-৮০ শতাংশ বেড়েছে। পরিবহন খরচ বাড়ছে প্রায় ১০০ শতাংশ। ডলারের বিপরীতে টাকারও অবমূল্যায়ন হয়েছে। খরচ বেড়ে যাওয়ায় সেবার মান বজায় রাখতে চার্জ সমন্বয় বা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে বিকডা। আমরা চিঠি দিয়ে স্টেকহোল্ডারদের বিষয়টি অবহিত করেছি। আগামী ১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। 

বর্ধিত এই চার্জ কার্যকর হলে বেসরকারি ডিপোতে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ক্ষেত্রভেদে ২০ থেকে ৫০ শতাংশ বাড়বে খরচ। বিষয়টিকে অযৌক্তিক বলে দাবি করেছেন আমদানি-রপ্তানিরকারক এবং নৌ-বাণিজ্যের সঙ্গে জড়িতরা। তারা বলছেন, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ হারে শুল্কারোপের কারণে দেশের রপ্তানি খাত এমনিতে বিপর্যস্ত। এই সময়ে যদি দেশীয় স্টেক হোল্ডারগুলো চার্জ বাড়িয়ে দেন, তাহলে সংকট আরও বাড়বে।

এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে ২৩ শতাংশ চার্জ বাড়ায় বিকডা। তখন জ্বালানি তেলের বৃদ্ধিতে খরচ বেড়েছে দাবি করে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ায় প্রতিষ্ঠানটি। এর তিন বছরের মাথায় এখন আবার চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। 

বিকডার তথ্য অনুযায়ী, রপ্তানি পণ্যের ২০ ফুট সাইজের কন্টেইনার হ্যান্ডলিংয়ে বর্তমানে প্যাকেজ (স্টাফিং থেকে বন্দরে ডিসপাস পর্যন্ত) চার্জ হচ্ছে ৬ হাজার ১৮৭ টাকা। সেখানে চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯০০ টাকা। এই হিসাবে ব্যয় বাড়বে ৩ হাজার ৭১৩ টাকা, প্রায় ৬০ শতাংশ। অন্যদিকে ৪০ ফুট সাইজের কন্টেইনার হ্যান্ডলিংয়ে চার্জ ৮ হাজার ২৫০ টাকা। চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ২০০ টাকা। এই হিসাবে ব্যয় বাড়বে ৪ হাজার ৯৫০ টাকা, প্রায় ৬০ শতাংশ। অন্যদিকে ২০ ফুটের কন্টেইনার হ্যান্ডলিংয়ে এখন গ্রাউন্ড চার্জ ১১৫ টাকা, সেটি বাড়িয়ে করা হচ্ছে ১৫০ টাকা। ৪০ ফুট সাইজের কন্টেইনার হ্যান্ডলিংয়ে গ্রাউন্ড চার্জ ২৩০ টাকা, সেটি বাড়িয়ে করা হচ্ছে ৩০০ টাকা। এ ছাড়া কন্টেইনার হ্যান্ডলিংয়ে এখন ল্যান্ডিং চার্জ প্রতি টন ২০৭ টাকা। সেটি এখন করা হচ্ছে ২৭০ টাকা। অন্যদিকে খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে ২০ ফুট সাইজের কন্টেইনারের গ্রাউন্ড রেন্ট ১১৫ থেকে ১৫০ টাকা করা হচ্ছে। ৪০ ফুট সাইজের কন্টেইনারের গ্রাউন্ড রেন্ট ২৩০ থেকে ৩০০ টাকা করা হচ্ছে। এ ছাড়া লিফট অন/লিফট অফ চার্জ ৫১২ টাকা থেকে করা হচ্ছে ৭০০ টাকা। ডকুমেন্টেশন চার্জ ২৭৬ টাকা থেকে করা হচ্ছে ৪৫০ টাকা। ২০ ফুট সাইজের কন্টেইনারের ট্রান্সপোর্টেশন চার্জ ছিল ১ হাজার ৭০৫ টাকা, সেটি করা হচ্ছে ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ৪০ ফুট সাইজের কন্টেইনারের ট্রান্সপোর্টেশন চার্জ ছিল ৩ হাজার ৪১০ টাকা, এখন করা হচ্ছে ৫ হাজার টাকা। 

বিকডার কন্টেইনার হ্যান্ডলিংয়ের এই চার্জ বাড়ানোর সিদ্ধান্তকে সময়োপযোগী নয় বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ হারে শুল্কারোপের কারণে দেশের রপ্তানি খাত এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। এই সময়ে বেসরকারি ডিপোগুলো চার্জ বাড়িয়ে দিলে সেটি পণ্য রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলবে। আমদানি পণ্যের ক্ষেত্রে চার্জ বেড়ে গেলে আমদানিতে খরচ বেড়ে যাবে। যেটি সর্বশেষ গিয়ে পড়বে পণ্যের দামে। বাজারে বেড়ে যাবে আমদানি পণ্যের দাম। 

বিজিএমইএ প্রথম সহসভাপতি সেলিম রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিচালন ব্যয় বাড়ার কারণে বিকডা চার্জ বাড়াতে চায়। কিন্তু তারা এটি এক তরফাভাবে বাড়াতে পারে না। চার্জ বাড়াতে হলে বিকডার উচিত ছিল, স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাড়ানো। কিন্তু তারা সেটি করেনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা