প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫ ১৩:৩৪ পিএম
চলতি মাসেই গার্মেন্টসকর্মীদের ঈদ বোনাস এবং জুনের ১-৩ তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷
সোমবার (১৯ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি৷
তিনি বলেন, গার্মেন্টসকর্মীদের বোনাস মে মাসের ভেতরে দিয়ে দিতে হবে। বেতন জুনের ১ থেকে ৩ তারিখের মধ্যে দিয়ে দিতে হবে৷ শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে৷ তবে অযৌক্তিক দাবির জন্য রাস্তাঘাট ঘেঁরাও করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঈদকে সামনে রেখে কোন বাস, ট্রেন, নৌযান অতিরিক্ত মানুষ বহন করতে পারবে না। একই নিয়ম থাকবে পশু আনা নেওয়ার ক্ষেত্রেও।
তিনি বলেন, ‘মানুষের নানা দাবি থাকবেই। আমরা আহবান করব সব মন্ত্রণালয় যেন যৌক্তিক দাবি মেনে নেয়। তবে কেউ যেন অযৌক্তিক দাবি না করে। আর সবাই যেন তাদের নিজেদের কমপ্লেক্সে দাবির জন্য রাস্তা বন্ধ করে না দাড়ায়। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি যেন তারা না করে সে আহ্বান করছি।’