প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৪:১৫ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫ ১৪:১৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আয়োজনে বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পাল্টে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করার বিষয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ‘আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছিল।’
শুক্রবার (১১ এপ্রিল) পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের বিভিন্ন দিক জানাতে চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, ‘এই শোভাযাত্রার মূল প্রতিপাদ্যে দুটো বার্তা আছে। একটি হচ্ছে, একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান। রাজনৈতিক ও সামাজিক নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই বিষয়টি তুলে ধরা। কিছু মোটিফ সেই কাজটি করছে। আর দ্বিতীয় যে অংশটি আছে, সেটি হচ্ছে মূলত ঐক্যের ডাক, সম্প্রীতির ডাক।’
আজ ‘মঙ্গল শোভাযাত্রা’ থেকে ‘মঙ্গল’ বাদ দিয়ে শোভাযাত্রা নতুন নাম করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এই নামেই এবার বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হবে।
ওই সংবাদ সম্মেলনে ঢাবির চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, ‘সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।’