প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৪:১৭ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৪:২৭ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় বাকপ্রতিবন্ধী কিশোরী ও শিশুসহ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল করিম নামের একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ বউবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে অসুস্থ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার এক শিশুর বয়স ৮ ও অন্যজনের ১৬। তারা আপন দুই বোন। এদের মধ্যে একজন বাকপ্রতিবন্ধী।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী দুই বোনের মা বলেন, ‘যাত্রাবাড়ীর
গোলাপবাগে বাসায় ভাড়া থাকি। রাতে আমার দুই মেয়ে বাসায় ছিল। এর মধ্যে
১৬ বছরের মেয়েটা বাকপ্রতিবন্ধী। ওর বাবাও বাসায় ছিলেন না। আমি ফুটপাতে পিঠা বিক্রি
করি। রাতে পিঠা বিক্রিতে ব্যস্ত ছিলাম। এই সুযোগে
রাতে ওই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম আমার বাসায় ঢুকে আমার দুই মেয়েকে জোরপূর্বক
ধর্ষণ করে। পরে আমি খবর পেয়ে বাসায় এসে দুই মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.
ফারুক বলেন, ‘যাত্রাবাড়ী এলাকা থেকে দুই শিশুকে ঢাকা মেডিকেলে
নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন বাকপ্রতিবন্ধী রয়েছে। দুজনকেই ভর্তি করা হয়েছে।
বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।’
এসআই জসিম উদ্দিন জানান, এ ঘটনায় রেজাউল করিম নামের একজনকে আমরা আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দুই শিশুকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি করা হয়েছে।’