আইন মন্ত্রণালয়ের আদেশ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২১:১৬ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ২১:২২ পিএম
ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারকাজ ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।
রবিবার (১২ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত আদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, ‘সরকার কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ (এক্ট নম্বর. ভি অব ১৮৯৮) এর সেকশন ৯ এর সাব-সেকশন (২) এ প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সহিত জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারকার্য পরিচালনার নিমিত্ত ২৮ ডিসেম্বর ২০১০ তারিখের এস, আর, ও নম্বর-৪০৩-আইন/২০১০ মূলে ঘোষিত ঢাকা মহানগরের বকশী বাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করিল।’
আদেশে আরও বলা হয়, ‘এতদ্বারা এই মর্মে নির্দেশ প্রদান করিল যে, উক্ত মামলার বিচারকার্য ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হইবে।’