প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ০০:০৬ এএম
উপদেষ্টা হাসান আরিফকে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
শনিবার (২১ ডিসেম্বর) বাদ জোহর তাকে সমাহিত করা হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা হাসান আরিফের মেয়ে কানাডায় আছেন। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তার জন্য অপেক্ষা করা হবে। কিন্তু সেটা হচ্ছে না। শনিবার (২১ ডিসেম্বর) বাদ জোহরই দাফন সম্পন্ন হবে।
হাসান আরিফের প্রথম জানাজা শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও অংশ নেন আইনজীবী, স্বজনরাও। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় তার দ্বিতীয় জানাজা হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।