বিডিআর হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:০৮ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:২০ পিএম
বিডিআর হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এ কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। সদস্য পাঁচজন, সাতজন, নয়জনও হতে পারে। তবে সশস্ত্র বাহিনীর সংখ্যা একটু বেশি থাকবে।’
তাহলে কি পুনঃতদন্তের দিকে যাচ্ছেÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেই আদেশ দিতে পারেন আদালত। আর আমরা শুধু একটা প্রেস ইনকোয়ারি করতে পারি।’
কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেÑ এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে কমিটি গঠনের জন্য নামগুলো নিতে হবে। আপনারা জানেন এসব কমিটিতে সবাই আসতে চায় না। এটা একটা সমস্যা। নাম সংগ্রহে যদি সময় না লাগত তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। নাম পাওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে তারপর আমরা সময়টা বলতে পারব।’
কাজের পরিধি কী হবেÑ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে আলোচনার পর বলতে পারব।’ বিচারপতি নাকি অন্য কারও নেতৃত্বে কমিটি হবেÑ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে মোস্ট সিনিয়র থাকবেন তার নেতৃত্বেই এ কমিটি হবে।’
কমিটি না কমিশন হবেÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বসার পর যদি মনে হয় কমিটি না কমিশন হবে। প্রয়োজন যেটা হবে সেটাই করা হবে।’
আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বিভ্রান্তি আছে কি নাÑ ‘জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘না, আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বিভ্রান্তি নেই। তবে বসার সময় আইন উপদেষ্টার সঙ্গে বসে, তাদের আলাদা মতামতের দরকার হলে আমরা নেব।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। এ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চতকরণে সোচ্চার ছিলাম এবং এখনও রয়েছি।’
তিনি বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে আমি শুরু থেকেই ন্যায়বিচার চেয়ে আসছি। এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং ৪ নভেম্বর বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা প্রদান করি যেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি শুরু থেকেই ন্যায়বিচার দাবি করে আসছি। বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র, জনগণের অধিকার, সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।’